পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় সাড়ে ৩৬ শতক জমি দখলের প্রতিবাদে এবং তা উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বোদা বাজারের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম, কলেজ শাখার শিক্ষক নুরে আলম জাকারিয়া রতন, স্কুল শাখার সহকারী শিক্ষক আলমগীর হোসেন এবং ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক হাওয়ানুর লিপি আরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বোদা পৌরসভার মসলেমপুর মৌজার ৩৬৫ দাগে ৩৬.৫ শতক জমি বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই আইনগতভাবে মালিকানাধীন। কিন্তু কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বদিউজ্জামান বদি, জহিরুল ইসলাম, মাহমুদুল হক, গোলাম ফারুক ও তাদের পরিবারের লোকজন জমিটি নিজেদের দাবি করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। দখলদারেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত বিদ্যালয়ের পক্ষেই রায় দেন। রায় পাওয়ার পরও দখলদারেরা আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। তারা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের জমি গ্রাসের অপচেষ্টা চালাচ্ছেন। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের এই জমি উদ্ধারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
https://slotbet.online/