নোয়াখালীর সুবর্ণচরে নাছির সমর্থকদের উপর ‘দেশীয় অস্ত্র’ ঠেকিয়ে হামলার অভিযোগ, আহত ৫
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
/ ৯২২
বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ
শনিবার, ১৪ জুন, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সংবাদটি শেয়ার করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সমর্থকদের উপর লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে নাছির উদ্দীনের অন্তত পাঁচজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা নোয়াখালীর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবী বাজারে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের থেকে জানাযায়, আহতরা সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রদল নেতা নাছির উদ্দীনের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পথসভায় অংশ নিয়েছিলেন। এই কর্মসূচিতে অংশ নেওয়ার ‘অপরাধে’ সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সদস্য জামাল উদ্দিন গাজী ও উপজেলা যুবদলের সাবেক বহিষ্কৃত আহ্বায়ক বেলাল হোসেন সুমনের অনুসারী মোঃ ইসমাইল মেম্বার ও তার ভাই খলিলের অনুসারীরা ভিকটিমদের উপর হামলা করেন বলে অভিযোগ করেন গণমাধ্যম কর্মীদের।
আহতদের মধ্যে রয়েছেন – ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন ও সদস্য শাহাদাত হোসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রিয়াজ উদ্দিন বলেন,
“তিন দিন আগে নাছির উদ্দিন ভাইয়ের একটি প্রোগ্রামে অংশ নিই। ফেরার পথে নবী মেম্বারের ছেলেরা আমাদের জিজ্ঞাসা করে ‘তোরা কার প্রোগ্রামে গেছোস?’ আমরা বলি, নাছির ভাইয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। তখন কিছু না বললেও আজ হঠাৎ ২০-৩০ জন দোকানে ঢুকে আমাদের উপর হামলা চালায়। দোকানও ভাঙচুর করে, মালামাল লুটে নেয়।”
প্রত্যক্ষদর্শী ও নবী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, “প্রথমে চারজন লোক গতকাল শাহজাহানের দোকানে আসে৷ তাদের মধ্যে একজন শাহজাহানকে মারধর করে৷ পরে শাহজাহান সেটি বাজার কমিটিকে জানায়৷ বাজার কমিটি শনিবার সকালে বিষয়টি মিমাংসা করার জন্য সময় নির্ধারণ করে৷ এরমধ্যে ২০-২৫জনের মতো নেতাকর্মী এসে শাহজাহান, রিয়াজ,আকবর এবং শাহাদের উপর রড় লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়৷ শাহজাহান নাছির উদ্দীন নাছিরের সমর্থক৷
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাঈল মেম্বার বলেন, “ব্যক্তিগত একটি বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তখন আমি গ্রাম্যসালিসে ছিলাম৷ আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই৷ সাবেক সংসদ সদস্য শাহজাহান সাহেবও আমারে নেতা আবার নাছির উদ্দীন নাছিরও আমাদেরই নেতা৷”
উল্লেখ্য, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান উভয়েই মনোনয়নপ্রত্যাশী। এই দুই নেতার অনুসারীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সুবর্ণচরে দলীয় কোন্দলে প্রতিনিয়ত কোন কোন স্থানে নানা বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। যার ফলে মানুষের মাঝে ভয়, আতঙ্ক বিরাজমান।