নোয়াখালীর সুবর্ণচরের ডাল ও তৈল বীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর একটি লাভজনক প্রতিষ্ঠান। খামারটিতে প্রায় অনিয়মিত ৩০ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিক কাজ করেন।
শ্রমিক নিয়োগ সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৭ আগষ্ট) সকালে সুবর্ণচরে বিএডিসি খামারের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএডিসির ডাল ও তৈল বীজ বর্ধন খামারে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলন করেন।
শ্রমিকেরা জানান, চলতি বছরের ২২ মে অর্থমন্ত্রনালয়ের প্রবিধি অনুবিভাগ-২ শাখা থেকে সারাদেশে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫, এর মজুরি হার পুনঃনির্ধারণ নামে একটি পরিপত্র জারি করা হয়। উক্ত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ বহাল রেখে নতুন নীতিমালা অবিলম্বে বাতিল করতে এ কর্মসূচি পালন করে শ্রমিকেরা।
একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা। যদিও নতুন নীতিমালা যাচাই-বাচাই করে দেখা যায় পূর্বে জেলা-উপজেলা সাময়িক শ্রমিকদের মজুরি ৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণ করে মন্ত্রনালয়। এতে সন্তুষ্ট নয় শ্রমিকেরা।