পঞ্চগড়ের বোদায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ঢল নামে। সোমবার বিকেলে বোদা পৌর শহরের ওয়াই মোড় সংলগ্ন মাঠে জমাদারপাড়া, সিপাইপাড়া, জমিদারপাড়া, প্রামাণিকপাড়া যুবসমাজের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিএনপি'র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপি'র সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাজাদুর রহমান জুয়েল, মো. গোলাম রব্বানী রয়েল প্রমুখ।
ঘোড়দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ আসেন। এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমীরা। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসে গ্রামীণ মেলা। নাগরদোলা ও নানা পণ্য সামগ্রীর দোকান বসে মেলায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।
ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা তৃতীয় শ্রেণির রিয়াম জানান, বাবার সাথে এসেছি। আমি প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখলাম। এর আগে কখনো ঘোড়াদৌড় দেখিনি। ঘোড়াদৌড় দেখতে আমাদের অনেক ভালো লেগেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারটি গ্রুপে ৩২টি ঘোড়া অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০